বিএনপি নেতাকে লাথি দেওয়ার অভিযোগ, এমপি বললেন ‘সে আমার ভাই’

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
বিএনপি নেতাকে লাথি দেওয়ার অভিযোগ, এমপি বললেন ‘সে আমার ভাই’
লাকসাম উপজেলা পরিষদ চত্বরে ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন সংসদ সদস্য আবুল কালামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। ছবি: সংগৃহীত

কুমিল্লার লাকসামে বৃক্ষরোপণ কর্মসূচিতে লাকসাম পৌর বিএনপির সহসভাপতি আবুল হোসেন মিলনকে প্রকাশ্যে লাথি দেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালামের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে আবুল কালাম বলেন, ‘সে আমার ভাই, আমাদের মধ্যে এমন ঘটনা ঘটেনি।’

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) লাকসাম উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মিলনায়তনের পাশে আয়োজিত ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কর্মসূচির একপর্যায়ে সংসদ সদস্য আবুল কালাম লাকসাম পৌর বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন মিলনের কাছে যান এবং পা দিয়ে তাকে আঘাত (লাথি) করেন।

স্থানীয় সূত্র জানায়, ঠিক কী কারণে ওই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে ভিডিওটি ছড়িয়ে পড়লে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। অনেকেই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও প্রয়োজনীয় তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে লাকসাম পৌর বিএনপির সহসভাপতি আবুল হোসেন মিলনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম এশিয়া পোস্টকে বলেন, ‘আরে না ভাই, কেউ বানিয়ে দিয়েছে। সে অলরেডি মনে হয় একটি বিবৃতি দিয়েছে। আমরা একসঙ্গেই ছিলাম। সে আমার ছোট ভাই। আমাদের মধ্যে এমন কোনো ঘটনা ঘটেনি।’