logo

বাকির টাকা চাওয়ায় দোকানদারকে পিটিয়ে হত্যা

বাকির টাকা চাওয়ায় দোকানদারকে পিটিয়ে হত্যা
নিহত জাকিরুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বাকির টাকা চাওয়ায় জাকিরুল ইসলাম (৩২) নামে এক দোকানদারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাহাবুর রহমানকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

রোববার (৮ নভেম্বর) রাতে উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পুটকিয়ার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত জাকিরুল ইসলাম পুটকিয়া গ্রামের মৃত আফতাবুজ্জামানের ছেলে। আটক মাহাবুব ওই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পুটকিয়ার মোড়ে জাকিরুল ইসলামের একটি মুদি দোকান রয়েছে। ওই দোকান থেকে মাহাবুব রহমান বাকিতে পণ্য কিনেছিলেন। রোববার সন্ধ্যায় বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে মাহাবুর রহমানের সঙ্গে জাকিরুলের কথা-কাটাকাটি হয়। পরে রাতে মাহাবুব ও তার অপর দুই ভাই আব্দুল মাবুদ ও মাহফুজুল দোকানে গিয়ে জাকিরুলকে মারধর করেন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত জাকিরুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, স্থানীয়রা মাহবুবকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।