logo
Advertisement

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাঙচুর

কুষ্টিয়ায় জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি অফিসে হামলা ভাঙচুর
ভাঙচুরের পর কার্যালয়। ছবি: এশিয়া পোস্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার নেতৃত্বে কুষ্টিয়ার সদর উপজেলার পাটিকাবাড়িতে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ সময় কার্যালয়ে থাকা বিএনপির ৫-৬ নেতাকর্মীকে মারধর করা হয়।

এ ঘটনার পর পাল্টা হামলায় ওই আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর এবং পাটের গোডাউনে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের নলকোলা গ্রামে এসব ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার পর নলকোলা গ্রামের ১ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে কয়েকজন নেতাকর্মী বসে মুড়ি-চানাচুর খাচ্ছিলেন। এ সময় পাটিকাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সসভাপতি রুহুলের নেতৃত্বে ৫০-৬০ জনের একটি দল ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

হামলাকারীরা কার্যালয়ে থাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় কার্যালয়ে থাকা নেতাকর্মীদের মারধর করা হলে ৫-৬ জন আহত হন।

বিএনপি নেতাকর্মীদের দাবি, কয়েকদিন আগে মিছিলকে কেন্দ্র করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় একটি নাশকতার মামলা হয়। ওই মামলায় আওয়ামী লীগ নেতা রুহুলসহ কয়েকজনকে আসামি করা হয়। মঙ্গলবার আদালত থেকে জামিন নিয়ে এলাকায় ফেরার পর রুহুলের নেতৃত্বেই বিএনপি কার্যালয়ে হামলা চালানো হয়।

এদিকে, বিএনপি কার্যালয়ে হামলার খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকেরা রুহুলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে জানা গেছে। এরপর তার পাটের গোডাউনে আগুন দেওয়ার অভিযোগ ওঠে।

একই সময়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এতে নলকোলা গ্রামে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে ইবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পাটিকাবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম বলেন, ‘আমি বাইরে আছি। এই ঘটনা খুব বেশি কিছু একটা জানি না। জেনে আপনাকে জানাতে পারব।’

কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এশিয়া পোস্টকে বলেন, ‘ফ্যাসিবাদীরা পার্টি অফিসে হামলা চালিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, গণতন্ত্রের মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ভাঙচুর করেছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফয়সাল মাহমুদ বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’