নিখোঁজ শিশুর লাশ মিলল প্রতিবেশীর সেপটিক ট্যাংকে

লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের তিন দিন পর প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে দেড় বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার চরমোহন ইউনিয়নের পশ্চিম চরমোহনা গ্রামের রায় বাড়িতে এ ঘটনা ঘটে।
কানিজ ফাতেমা একই বাড়ির কাঞ্চন হোসেন ও জান্নাতুল ফেরদৌস মেরিন দম্পতির মেয়ে।
গ্রেপ্তারকৃতরা হলেন ওই বাড়ির তোফায়েল আহাম্মেদ, ফিরোজা বেগম ও নিশু আক্তার।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বাড়িতে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় কানিজ ফাতেমা। ঘটনার দিন সকালে শিশুটি প্রতিবেশী তোফায়েল আহাম্মদের ঘরে যায়। এরপর থেকে আর খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর শনিবার রাতে প্রতিবেশী তোফায়েল আহমেদের সেপটিক ট্যাংক থেকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে।
শিশুটির মা জান্নাতুল ফেরদৌস মেরিন বলেন, ‘তোফায়েলদের সঙ্গে জমিজমার বিরোধ রয়েছে। এর জের ধরে তারা পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করেছে।’
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া এশিয়া পোস্টকে বলেন, ‘নিখোঁজের পর শিশুর মা বাদি হয়ে থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলায় তাদের প্রতিবেশী তোফায়েলসহ তিনজনকে সন্দেহজনক আসামি করা হয়। অপহরণ মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ তোফায়েলদের সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর লাশ খুঁজে পায়। পরে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।’