Advertisement

মাঝসাগরে ঢেউয়ের আঘাতে নৌকা থেকে ছিটকে পড়লেন ২ যাত্রী

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
মাঝসাগরে ঢেউয়ের আঘাতে নৌকা থেকে ছিটকে পড়লেন ২ যাত্রী
নৌকায় সাগর পাড়ি। ছবি: সংগৃহীত

বিরূপ আবহাওয়ার কারণে চট্টগ্রাম-সন্দ্বীপ নৌরুটে ফেরিসহ সব ধরনের সরকারি নৌযান চলাচল বন্ধ থাকলেও জীবনের ঝুঁকি নিয়ে কাঠের নৌকায় সন্দ্বীপ চ্যানেল পাড়ি দিচ্ছেন স্থানীয়রা।

রোববার (১৯ জুলাই) সকালে সন্দ্বীপ চ্যানেলের মাঝনদীতে উত্তাল ঢেউয়ের আঘাতে নৌকা থেকে দুই যাত্রী ছিটকে সাগরে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। পরবর্তীতে নৌকায় থাকা অন্য যাত্রীদের সাহসিকতায় তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টার দিকে চট্টগ্রাম থেকে শতাধিক যাত্রী নিয়ে একটি কাঠের সার্ভিস নৌকা সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। বৈরী আবহাওয়ার কারণে সাগর প্রচণ্ড উত্তাল থাকলেও দুই দিনের ছুটি শেষে কর্মস্থলে ফেরার তাগিদে বাধ্য হয়েই যাত্রীরা এই নৌকায় ওঠেন।

সকাল ১০টার দিকে নৌকাটি সন্দ্বীপ চ্যানেলের মাঝ সাগরে পৌঁছালে একটি বিশাল ও শক্তিশালী ঢেউ সেটিতে আঘাত হানে। ঢেউয়ের ধাক্কায় নৌকার ওপর থাকা দুজন যাত্রী ছিটকে মাঝনদীতে পড়ে যান। এ সময় নৌকায় থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উদ্ধার অভিযানের প্রত্যক্ষদর্শী ও নৌকার যাত্রী আমজাদ হোসেন জানান, দুর্ঘটনার পরপরই নৌকায় থাকা দুজন যুবক অত্যন্ত সাহসিকতার পরিচয় দেন। সাগর চরম উত্তাল থাকা সত্ত্বেও নৌকাটি থামিয়ে সাগরে রশি ফেলে নিখোঁজ দুই যাত্রীকে টেনে তোলা হয়। সবার সহযোগিতায় শেষ পর্যন্ত তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। পরবর্তীতে নৌকাটি ওই দুজনসহ প্রায় শতাধিক যাত্রী নিয়ে নিরাপদে সন্দ্বীপের ঘাটে এসে পৌঁছায়।

স্থানীয়দের অভিযোগ, আবহাওয়া খারাপ থাকলে সরকারিভাবে নৌযান চলাচল বন্ধ রাখা হলেও কিছু অসাধু নৌকাচালক ও ঘাট ইজারাদারদের লোভের কারণে এবং প্রশাসনের নজরদারির অভাবে প্রায়শই এভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাঠের নৌকায় যাত্রী পারাপার করা হয়। অবশ্য চাকরি ও জরুরি প্রয়োজনে স্থানীয় বাসিন্দাদেরও নদী পাড়ি দেওয়ার তাড়া থাকে।