বাড়িতে লুকানো ছিল ১২০০ লিটার পেট্রোল, আটক ৩

নোয়াখালীর সদর উপজেলায় অবৈধভাবে মজুত করা ১২০০ লিটার পেট্রোলসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ গাড়িও জব্দ করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকায় হাজী আসমত আলী বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
আটকৃতরা হলেন- নোয়াখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর এলাকার চাপরাশি বাড়ির মো. শাহজাহানের ছেলে মো. মুসফিকুর রহমান মাহি (১৯), একই ওয়ার্ডের মানিক হুজুর বাড়ির জালাল উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান (২৬) ও নোয়াখালী পৌরসভার ১নম্বর ওয়ার্ডের মধুসুদনপুর এলাকার পন্ডিত বাড়ির মৃত ফজলুল হকের ছেলে মো. মঞ্জুর আলম (৫৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষীনারায়ণপুর এলাকায় হাজী আসমত আলীর বাড়ির আবুল খায়েরের বসভিটায় অবৈধভাবে পেট্রোল মজুতের তথ্য পায় ডিবি পুলিশ। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে ১২০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনউদ্দিন বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পেট্রোল মজুত করে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধারকৃত পেট্রোল ও পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।