ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

বগুড়ার শেরপুর উপজেলায় সেচপাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে মো. রাফি মন্ডল (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জাহাঙ্গীর হোসেন (৩২) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২০ মে) ভোর সাড়ে ৪টার দিকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাফির মৃত্যু হয়।
নিহত রাফি ধুনট উপজেলার নাটাবাড়ী গ্রামের বাসিন্দা। আহত জাহাঙ্গীরের বাড়ি একই উপজেলার বড়বিলা গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর উপজেলার চন্ডেশ্বর গ্রামের রমজান আলী ও আব্দুল জলিল যৌথভাবে একটি সেচপাম্পের মালিক। চুরির ঘটনা ঠেকাতে তারা ওই পাম্পের বৈদ্যুতিক ট্রান্সফরমারের সঙ্গে বিশেষ সতর্কবার্তা ডিভাইস বা অ্যালার্ম সংযুক্ত করে রেখেছিলেন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাতে রাফি ও জাহাঙ্গীর ট্রান্সফরমারটি চুরি করার চেষ্টা করলে স্বয়ংক্রিয়ভাবে মালিকদের মোবাইল ফোনে সংকেত পৌঁছে যায়। বিষয়টি বুঝতে পেরে তারা স্থানীয় লোকজনকে খবর দেন। পরে আশপাশের কয়েকটি গ্রামের লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে আটক করেন।
একপর্যায়ে উত্তেজিত জনতার মারধরে রাফি ও জাহাঙ্গীর গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফির মৃত্যু হয়। জাহাঙ্গীর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ওসি এস এম মঈনুদ্দীন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।