logo

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু

রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টা থেকে আজ বুধবার ১২টার মধ্যে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রামেক হাসপাতাল কর্তৃপক্ষ।

এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট চার শিশুর মৃত্যু হলো।

হাসপাতালের মুখপাত্র শংকরকে বিশ্বাস জানান, হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে ১১৭ শিশু চিকিৎসাধীন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ২২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি শিশু ভর্তি হয়েছে চাঁপাইনবাবগঞ্জ থেকে। 

এদিকে হাসপাতাল সূত্র জানায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় এই হাসপাতালের শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এতে এ পর্যন্ত মোট ৩৫ শিশুর হাম শনাক্ত হয়েছে। হামের উপসর্গ হিসেবে শিশুদের শরীরে র‍্যাশ, জ্বর, শ্বাসকষ্ট ও চোখের ইনফেকশন দেখা যাচ্ছে। যাদের শ্বাসকষ্ট বেশি, তাদের আইসিইউ প্রয়োজন হচ্ছে।

অন্যদিকে, হামে আক্রান্ত শিশুদের ৬৫ শতাংশের বয়স ৬ মাসের নিচে জানিয়ে শংকর কুমার বিশ্বাস বলেন, বিষয়টি উদ্বেগজনক। কারণ, শিশুদের টিকা দেওয়া হয় ৯ মাস বয়সে। এ অবস্থায় সরকার ৬ মাসেই হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে  রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শংকরকে বিশ্বাস জানান, হাম যাতে ছড়িয়ে না পড়ে, এ জন্য আমরা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড ও আইসোলেশন কর্নার চালু করেছি। হাম থেকে জটিলতা বাড়লে আইসিইউ লাগতে পারে। এ জন্য জনবলসহ যা যা প্রয়োজন, তা পেতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।