ট্রেনে উপচেপড়া ভিড়, জীবনের ঝুঁকি নিয়ে ছাদে যাত্রা

ঈদ শেষে কর্মমুখী মানুষের ঢল নামতেই ট্রেনযাত্রায় দেখা দিয়েছে চরম ভোগান্তি। ঢাকা অভিমুখী নকশিকাঁথা কমিউটার ট্রেনে উপচেপড়া ভিড়ের কারণে অনেক যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে গন্তব্যে রওনা হয়েছেন।
শুক্রবার (২৭ মার্চ) সকালে রাজবাড়ী রেলস্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটিতে অতিরিক্ত যাত্রীর চাপ লক্ষ্য করা যায়। ভোর থেকেই পরিবার-পরিজন ও শিশুদের নিয়ে স্টেশনে ভিড় জমাতে থাকেন ঘরমুখো মানুষ।
ট্রেনের ভেতরে কোনো আসন তো দূরের কথা, দাঁড়ানোর মতো জায়গাও না পেয়ে অনেক যাত্রী বাধ্য হয়ে ট্রেনের ছাদে উঠে যাত্রা শুরু করেন। এতে চরম ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও যাত্রীদের ঢল সামাল দিতে হিমশিম খেতে দেখা যায় রেলওয়ে কর্তৃপক্ষকে।
স্টেশনে রেলওয়ে পুলিশ, আনসার সদস্য ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি থাকলেও ছাদে ওঠা যাত্রীদের কার্যকরভাবে বাধা দিতে দেখা যায়নি।
রাজবাড়ী রেলস্টেশনের মাস্টার আব্দুর রহমান জানান, আমরা নিয়মিতভাবে ট্রেনের ছাদে যাত্রী ওঠা নিরুৎসাহিত করি। তবে ঈদযাত্রায় যাত্রীর সংখ্যা কয়েক গুণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
তিনি আরও জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেনটিতে অতিরিক্ত যাত্রীচাপের কারণে অনেক যাত্রী স্টেশনে থেকেই যেতে বাধ্য হন। আবার অনেকেই ঝুঁকি নিয়ে ছাদে উঠে পড়েন। ট্রেনটি প্রায় ১ ঘণ্টা ৩৫ মিনিট বিলম্বে সকাল ৭টা ৫ মিনিটে রাজবাড়ী স্টেশন ছেড়ে যায়।