logo

ফেনীতে হামের টিকা পাবে এক লাখ ৯৩ হাজার শিশু

ফেনীতে হামের টিকা পাবে এক লাখ ৯৩ হাজার শিশু

হাম রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় ফেনী জেলায় শুরু হতে যাচ্ছে ‘জাতীয় হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২৬’। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত টানা ২১ দিন এই বিশেষ কর্মসূচি পরিচালিত হবে। 

রোববার (১৯ এপ্রিল) সকালে ফেনী জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ক্যাম্পেইনে জেলার ছয়টিটি উপজেলা ও একটি পৌরসভায় নয় মাস থেকে ৫৯ মাস বয়সি মোট এক লাখ ৯৩ হাজার ৪২১ জন শিশুকে এক ডোজ করে এমআর টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

যারা নিয়মিত কর্মসূচির আওতায় দুই ডোজ টিকা সম্পন্ন করেছে, তারাও এই ক্যাম্পেইনে অতিরিক্ত এক ডোজ টিকা গ্রহণ করতে পারবে। পুরো কার্যক্রমকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম আট কর্মদিবসে পাড়া-মহল্লা ও কমিউনিটির বিভিন্ন অস্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হবে। শেষ তিন কর্মদিবসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল ও মাদ্রাসা) এই কার্যক্রম চলবে।

সিভিল সার্জন রুবাইয়াত বিন করিম বলেন, পুরো জেলায় সাতটি স্থায়ী কেন্দ্র এবং এক হাজার ৯৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্রসহ সর্বমোট এক হাজার ১০৫টি কেন্দ্রের মাধ্যমে শিশুদের এই টিকা প্রদান করা হবে। সর্বোচ্চ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ফেনী সদর উপজেলায়; ৫৭ হাজার ৮৬৮ জন। সর্বনিম্ন পরশুরাম উপজেলায়; ১৫ হাজার ৯৩২ জন।

অন্যান্য উপজেলার মধ্যে সোনাগাজীতে ৩৮ হাজার চাররজন, দাগনভূঞাঁয় ২৬ হাজার ৭৫৭ জন, ছাগলনাইয়ায় ২২ হাজার ৯৪৫ জন এবং ফুলগাজীতে ১৮ হাজার ২৫ জন শিশুকে টিকার আওতায় আনা হবে।

এ ছাড়া ফেনী পৌরসভা এলাকায় ১৩ হাজার ৮৫০ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ টিকা গ্রহণের জন্য অভিভাবকদের ‘vaxepi.gov.bd’ পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে। এই বিশেষ ক্যাম্পেইন সময়ে শিশুদের নিয়মিত ইপিআই টিকাদান কর্মসূচি আগের মতোই স্বাভাবিকভাবে চলমান থাকবে।