Advertisement

শেরপুরে আগুনে পুড়ল ৪ প্রতিষ্ঠান ও প্রাইভেটকার

এশিয়া পোস্ট নিউজ, শেরপুর
শেরপুরে আগুনে পুড়ল ৪ প্রতিষ্ঠান ও প্রাইভেটকার
আগুনে ক্ষতিগ্রস্ত দোকান ও প্রাইভেটকার। ছবি : এশিয়া পোস্ট

শেরপুর শহরের থানা মোড় এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ডেন্টাল ক্লিনিক, বাস কাউন্টার ও ফুলের দোকানসহ চারটি প্রতিষ্ঠান পুড়ে গেছে। এ সময় পাশে থাকা একটি প্রাইভেটকারও সম্পূর্ণ ভস্মীভূত হয়।

রোববার (১৯ জুলাই) বিকেলে শহরের ব্যস্ততম থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে একটি দূরপাল্লার বাস কাউন্টার, দুটি ফুলের দোকান ও একটি ডেন্টাল ক্লিনিক।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, বিকেলে হঠাৎ করে পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকারের ইঞ্জিনে আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেড ক্রিসেন্টের সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী লিটন মিয়া বলেন, আমি হঠাৎ বাস কাউন্টারের পেছনে আগুন জ্বলতে দেখি। সামনে গিয়ে দেখি সেখানে পার্ক করা একটি প্রাইভেটকারের ইঞ্জিনের অংশে দাউদাউ করে আগুন জ্বলছে। পরে আশপাশের লোকজনকে নিয়ে বালু ও পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করি।

বাপ্পী নামে স্থানীয় আরেক বাসিন্দা জানান, চোখের পলকেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। তবে ঠিক কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, আগুনের সূত্রপাত বাস কাউন্টার থেকে হতে পারে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

বিষয় :শেরপুর