logo

গণপিটুনিতে যুবকের মৃত্যু, থানায় মামলা

গণপিটুনিতে যুবকের মৃত্যু, থানায় মামলা
ওয়াহিদুজ্জামান শামীম। ছবি: পরিবারের কাছ থেকে নেওয়া

সাতক্ষীরার দেবহাটায় গণপিটুনিতে ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় পারুলিয়ার ফজলুল হক আমিনিকে প্রধান আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে দেবহাটা থানায় মামলাটি করেন নিহতের ভাই আব্দুল জলিল।

দেবহাটা থানার ওসি এইচ এম শাহীন এশিয়া পোস্টকে জানান, আসামিদের গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তিসহ সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে, শামীমের মৃত্যুর ঘটনায় জামায়াতে ইসলামীকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ তুলে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি এইচএম এমদাদুল হক দাবি করেন, এ ঘটনায় জামায়াত বা সংগঠনের কোনো পর্যায়ের নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। রাজনৈতিক উদ্দেশ্যে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর দেবহাটায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামে এক যুবক গণপিটুনির শিকার হয়ে মারা যান। তিনি উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামসুল রহমান সানার ছেলে।