লাকসামে ২৪ ঘণ্টা পর ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল শুরু

কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার ২৪ ঘণ্টার বেশি সময় পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টা ৫০ মিনিটে চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনাস্থল অতিক্রম করে। এর মধ্য দিয়ে ওই লাইনে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।
এর আগে বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসামের আজগরা বাজারসংলগ্ন এলাকায় কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর থেকে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে চট্টগ্রামমুখী ডাউনলাইন দিয়ে দুই দিকের ট্রেন চলাচল অব্যাহত রাখা হয়। এতে ট্রেন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দুর্ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ শেষ হয়। তবে দুর্ঘটনাকবলিত ট্রেনের একটি বগি ঢাকামুখী লাইনে পড়ে থাকায় ওই লাইনে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হয়নি।
লাকসাম রেলওয়ে জংশন স্টেশনমাস্টার ফারুক আহমেদ ভূঁইয়া জানান, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে লাইনচ্যুত বগিগুলো সরিয়ে নেওয়া হয়। তবে একটি বগি দুর্ঘটনাস্থলে থেকে যায়। সেটি সরিয়ে নিতে নাঙ্গলকোট স্টেশন থেকে একটি ইঞ্জিন পাঠানো হয়।
তিনি জানান, ইঞ্জিনটি বেলা ১১টা ৪০ মিনিটে দুর্ঘটনাস্থলে পৌঁছায়। পরে বগিটি নিয়ে বেলা ১১টা ৫৫ মিনিটে লাকসাম রেলওয়ে জংশনে ফিরে আসে। এরপর দুপুর ১২টা ৫০ মিনিটে বিজয় এক্সপ্রেস দুর্ঘটনাস্থল অতিক্রম করে। এর মধ্য দিয়ে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল শুরু হয়।
দুর্ঘটনার পর রেললাইন মেরামত ও লাইনচ্যুত বগি অপসারণে দীর্ঘ সময় লাগায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। তবে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল শুরু হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
