খুলনায় যুবককে গুলি করে হত্যা

খুলনায় দুর্বৃত্তের গুলিতে মো. রাকিব (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নগরীর লবনচরা থানাধীন পশ্চিম টুটপাড়া কুবা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ১০টার দিকে কুবা মসজিদের কাছে একটি সেলুনে বসা ছিল রাকিব। হঠাৎ দুটি মোটরসাইকেলে করে ৫-৬ জন এসে রাকিবের মাথায় দুটি গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে রাকিব নামের এক যুবককে গুলি করা হয়েছে এমন খবরে লবনচরা ও খুলনা সদর থানার দুটি টিম ঘটনাস্থলে পৌছায়। পরে গুলিবিদ্ধ যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে দুটি তাজা বুলেট উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদক ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে। জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে।
রাতে ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ নৌ ও সেনাবহিনীর সদস্যরা উপস্থিত হন। নিহত রাকিবের বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে।