গাংনীতে আরও দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে গ্রামের মো. নিজাম উদ্দিন এবং ইমদাদুল হকের বাড়ির মূল ফটকের সামনে থেকে কালো টেপে মোড়ানো বস্তু দুটি উদ্ধার করা হয়।
ইমদাদুল হকের ছেলে হোসেন বলেন, সকালে পরিবারের সদস্যরা বাড়ির সামনে বোমাসদৃশ বস্তু দুটি দেখতে পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে ক্যাম্প ইনচার্জ এসআই মো. আব্দুল করিম ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করেন। কারা এবং কী উদ্দেশ্যে রাতের অন্ধকারে এগুলো সেখানে রেখে গেছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই।
ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুল করিম বলেন, উদ্ধার করা বোমাসদৃশ বস্তু দুটি নিরাপত্তার স্বার্থে পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।
কাজীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোহন আলী বলেন, নওদাপাড়া গ্রামের বিলপাড়া এলাকার দুটি বাড়ির মূল ফটকের সামনে কালো টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বস্তু দুটি উদ্ধার করে নিয়ে যায়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ককটেলসদৃশ দুটি বস্তু উদ্ধার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
এর আগে সোমবার (২৭ জুলাই) গাংনীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের সমাবেশস্থলের কাছ থেকে বোমাসদৃশ একটি বস্তু উদ্ধার করে পুলিশ।
.png)






