logo

ফরিদপুরে কলেজছাত্রীর আত্মহত্যা

ফরিদপুরে কলেজছাত্রীর আত্মহত্যা

ফরিদপুর শহরে ইসরাত জাহান লাবণ্য নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার পর শহরের গোয়ালচামট ১ নম্বর সড়কের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

লাবণ্য  (২৪) গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মালদিয়া গ্রামের আবুল বাশার মোড়লের মেয়ে। তিনি সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি ওই বাসায় একা ভাড়া থাকতেন। 

বাড়ির দেখাশোনার দায়িত্বে থাকা সিদ্দিকুর রহমান জানান, রাতের দিকে হঠাৎ লাবণ্যের রুম থেকে মোবাইল ফোনের রিংটোন শোনা যায়। একাধিকবার ডাকাডাকি করেও সাড়া না পেয়ে সন্দেহ হলে তিনি জানালা দিয়ে ভেতরে তাকান। এ সময় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় লাবণ্যকে ঝুলন্ত দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে আসেন। দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে নিচে নামানো হয়। 

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঘটনার পেছনে পারিবারিক, মানসিক চাপ বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান মো. শহিদুল ইসলাম।