logo

শিল্পকারখানায় ছুটি শুরু, মহাসড়কে যাত্রীদের চাপ

শিল্পকারখানায় ছুটি শুরু, মহাসড়কে যাত্রীদের চাপ
ছবি : সংগৃহীত

ঘনিয়ে এসেছে ঈদুল আজহা। ছুটি শুরু হয়েছে শিল্পকারখানায়। ছুটি পেয়েই পরিবারপরিজন বাড়ি ফিরতে শুরু করেছে শহরের কর্মজীবী মানুষেরা। মাথায়, হাতে ও কাঁধে ব্যাগ নিয়ে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়ি ফিরছেন তারা।

সোমবার (২৫ মে) সকাল থেকে মহাসড়কে যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। দুপুরের পর থেকে ঘরমুখো যাত্রীদের চাপ কয়েকগুণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুরের ৫ হাজার ৬০০ কারখানার মধ্যে ৪৫ ভাগ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এরমধ্যে দুই হাজারের অধিক পোশাক কারখানা রয়েছে। বাকি কারখানায় আগামীকাল মঙ্গলবার (২৬ মে) ছুটি দেওয়া হবে।

সরেজমিনে দেখা যায়, আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকেই যানবাহন ও যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে। মাথায়, হাতে ও কাধেঁ ব্যাগ নিয়ে প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে বাড়িতে ফিরছেন তারা। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে বাড়তি ব্যস্ততা। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের দেখা পাওয়া যায়নি। বিশেষ করে গাজীপুরের চন্দ্রা, চান্দনা চৌরাস্তা, টঙ্গী অংশে যানবাহনের চাপ বাড়ায় ধীরগতিতে চলাচল করছে পরিবহন।

পাবনার চাটমোহর এলাকার আতিকুল ইসলাম বলেন, রোববার ডিউটি করে আমাদের কারখানা ছুটি হয়েছে। সকালে বের হয়েছি, রাস্তায় যানজট নেই। আমার মনে হচ্ছে দুপুরের পর মানুষ বের হবে।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সওগাতুল আলম এশিয়া পোস্টকে বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে মাঠে কাজ করছে হাইওয়ে পুলিশ। আজ অনেক কারখানা ছুটি হয়েছে, দুপুরের পর থেকে যাত্রীদের চাপ বাড়বে। এই চাপ ঈদের আগের দিন পর্যন্ত থাকবে।

এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন এশিয়া পোস্টকে বলেন, সোমবার ৪৫ ভাগ কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এরমধ্যে দুই হাজারের অধিক পোশাক কারখানা রয়েছে। বাকি কারখানায় মঙ্গলবার ছুটি দেওয়া হবে।