লাল ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা

বরিশালের উজিরপুর পৌরসভায় স্থানীয়দের তৈরি করা একটি অস্থায়ী বাঁশের সাঁকো ফিতা কেটে উদ্বোধন করেছেন পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান। সাঁকো উদ্বোধনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
গত বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সাঁকোটির উদ্বোধন করেন তিনি।
বাঁশের সাঁকো উদ্বোধন উপলক্ষে সেখানে স্থানীয় লোকজন জড়ো হন। ফুল ও বেলুন দিয়ে সাঁকোটি সাজানো হয়। পরে লাল ফিতা কেটে সেটির উদ্বোধন করেন মো. শহিদুল ইসলাম খান। এ সময় ঢোল-বাদ্য ও বয়াতিদের গান পরিবেশন করা হয়। উপস্থিত লোকজনের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয়।
তবে, উদ্বোধনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা মন্তব্য করেন নেটিজেনরা। অস্থায়ী বাঁশের সাঁকোর উদ্বোধন নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। তাদের ভাষ্য, স্থানীয় মানুষের চলাচলের জন্য একটি স্থায়ী সেতু প্রয়োজন; বাঁশের সাঁকো সেই সমস্যার স্থায়ী সমাধান নয়। আবার অনেকে নিজেদের অর্থায়নে স্থানীয় বাসিন্দাদের সাঁকো নির্মাণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী একটি স্থানে দীর্ঘদিন ধরে পারাপারে ভোগান্তিতে ছিলেন স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয় লোকজনের অর্থায়নে বাঁশ ও সুপারিগাছ দিয়ে একটি খালের ওপর প্রায় ২০০ ফুট দীর্ঘ সাঁকোটি নির্মাণ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে শহিদুল ইসলাম খান এশিয়া পোস্টকে বলেন, সাঁকো উদ্বোধনের বিষয়ে তার আগে থেকে কোনো পরিকল্পনা ছিল না। স্থানীয় বাসিন্দা, নারী ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চলাচলে ভোগান্তিতে ছিলেন। তাদের উদ্যোগেই বাঁশ ও সুপারিগাছ দিয়ে সাঁকোটি তৈরি করা হয়।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার বিকেলে স্থানীয়রা আমাকে সেখানে ডেকে নিয়ে যান। সেখানে দেড় থেকে দুইশ মানুষ উপস্থিত ছিলেন। তারা লাল ফিতা কেটে সাঁকোটি উদ্বোধনের অনুরোধ করলে আমি ফিতা কাটি। সাঁকোটি স্থানীয় মানুষের নিজেদের উদ্যোগে তৈরি করা হয়েছে। আমার পক্ষ থেকে এর উদ্বোধনের কোনো আয়োজন করা হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, সাঁকোটি নির্মাণের ফলে আপাতত দুই ওয়ার্ডের মানুষের চলাচলের দুর্ভোগ কিছুটা কমেছে। তবে বাঁশ ও সুপারিগাছের তৈরি এ ধরনের অস্থায়ী সাঁকো কতটা নিরাপদ এবং কত দিন টেকসই হবে, তা নিয়েও তাদের মধ্যে উদ্বেগ রয়েছে। ওই স্থানে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা।



