পাহাড়ি ঢলে প্লাবিত শেরপুরের ঝিনাইগাতী সদর বাজার

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল থেকে নদীর পানি উপচে প্রবেশ করতে শুরু করেছে ঝিনাইগাতী সদর বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায়।
শহর রক্ষা বাঁধ না থাকায় প্রতি বছর বর্ষা মৌসুমে সামান্য পানি বৃদ্ধিতেই প্লাবিত হয় ঝিনাইগাতী সদর বাজারের সড়ক, দোকানপাট এবং নিম্নাঞ্চল। এবারও একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ব্যবসায়ীরা জানান, দোকানে পানি প্রবেশ করায় মালামাল রক্ষায় হিমশিম খেতে হচ্ছে। অনেক স্থানে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের চলাচলে দেখা দিয়েছে ভোগান্তি।
ঝিনাইগাতী বাজারের ব্যবসায়ী হাবিব মিয়া বলেন, প্রতি বছর এমন একটা সমস্যার মধ্যে যেতে হয়। একটু বৃষ্টি হলে সব পানি বাজারে ঢুকে। বৃষ্টির সঙ্গে নেমে আসে উজানের পানি।
আরেক ব্যবসায়ী নজরুল ইসলাম বলেন, বার বার বলে আসছি আমাদের শহর রক্ষা বাঁধটা করে দেন। কিন্তু কেউ আমাদের কথা শুনে না। সব সময় আতঙ্কে থাকি কখন ঢল আসে। আজ এসেই পড়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুদীপ্ত চৌধুরী বলেন, শনিবার শেরপুর পয়েন্টে ২৪ দশমিক ৫০ মিলিমিটার, নালিতাবাড়ী পয়েন্টে ৩৫ মিলিমিটার ও নাকুগাঁও পয়েন্টে ১৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এ বিষয়ে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেন, মহারশি নদীতে স্থায়ী বাঁধের জন্য মহান জাতীয় সংসদে জানিয়েছি। আশা করছি, খুব দ্রুতই টেকসই বাঁধ নির্মাণ করতে পারব আমরা। বাঁধ নির্মাণ হলে দুর্ভোগ অনেক কমে আসবে।
