logo
Advertisement

সিলেট /উদ্ধার হওয়া ৫২ মোবাইল ফোন মালিকদের ফিরিয়ে দিল পুলিশ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
সিলেট, সিলেট
উদ্ধার হওয়া ৫২ মোবাইল ফোন মালিকদের ফিরিয়ে দিল পুলিশ
উদ্ধার হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিচ্ছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম। ছবি: এশিয়া পোস্ট

সিলেট মেট্রোপলিটন এলাকার ছয়টি থানায় দায়ের হওয়া ৫১০টি সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে চুরি ও হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে এসএমপি কার্যালয়ে উদ্ধার করা মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম।

পুলিশ জানায়, বিভিন্ন সময়ে মোবাইল ফোন চুরি ও হারানোর ঘটনায় ভুক্তভোগীরা নিজ নিজ থানায় জিডি করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় এসব জিডি পর্যালোচনা করে মোবাইল ফোনগুলোর অবস্থান শনাক্ত করে পুলিশের বিশেষ ইউনিট ও সাইবার ক্রাইম ইউনিট। পরে সেগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মোবাইল ফোন উদ্ধার টিম গঠনের পর থেকে এ পর্যন্ত মোট ৩২৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বলেন, আমাদের হাতে মোট ৫২টি মোবাইল রয়েছে। হারিয়ে যাওয়া মোবাইলের ৫১০টি সাধারণ ডায়েরি (জিডি) বিশ্লেষণ করে এখন পর্যন্ত এসব মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি) টিম।

তিনি বলেন, আজকের সময়টি অত্যন্ত আনন্দের। আমরা উদ্ধার করা মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করতে পারব। এ জন্য আমি আমার টিমকেও ধন্যবাদ জানাচ্ছি।

কমিশনার বলেন, একটি কাজ করতে গেলে আমরা যেসব বিষয় বিবেচনায় নিই, তার মধ্যে রয়েছে প্রযুক্তির সহায়তা, আমাদের দক্ষতা এবং আপনাদের কাছ থেকে পাওয়া তথ্য। এই তিনটি বিষয়ের সমন্বয়ে একটি ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হয়। মোবাইল ফোন উদ্ধারও এরকম একটি প্রক্রিয়া।

এদিকে জনসাধারণকে সতর্ক করে সচেতনতামূলক বার্তা দিয়েছে পুলিশ। এতে বলা হয়েছে, ব্যবহৃত মোবাইল ফোন বা যেকোনো ইলেকট্রনিক ডিভাইস কেনার সময় সামান্য অসতর্কতা থেকেও আইনি জটিলতা তৈরি হতে পারে। তাই পুরোনো ডিভাইস কেনাবেচার সময় বিক্রেতার পরিচয় ও বৈধ কাগজপত্র যাচাই, রসিদ বা মেমো সংরক্ষণ এবং ডিভাইসের বক্সে উল্লেখ করা আইএমইআই নম্বরের সঙ্গে সেটের প্রকৃত আইএমইআই নম্বর মিলিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ।

এ ছাড়া ডিভাইস চোরাই বা কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার ঝুঁকি এড়াতে রাস্তাঘাটে অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিংবা ফেসবুকের মতো অনলাইন প্ল্যাটফর্মে অস্বাভাবিক কম দামে কোনো ডিভাইস না কেনার আহ্বান জানিয়েছে পুলিশ।