কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে ডুবে বৃদ্ধ নিখোঁজ

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের শাখা (কোলা) সাঁতরে পার হয়ে চরে পাট কাটতে যাওয়ার সময় লিয়াকত মণ্ডল (৮০) নামের এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।
রোববার (১৯ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের হাটিথানা পুটিমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ লিয়াকত মণ্ডল ওই গ্রামেরই বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরে লিয়াকত মণ্ডল একটি হাঁড়ি হাতে নিয়ে ব্রহ্মপুত্র নদের শাখা সাঁতরে চরে যাচ্ছিলেন। মাঝপথে স্রোতে হাঁড়িটিতে পানি ঢুকে ডুবে যায়। এ সময় হাঁড়ির সঙ্গে তিনিও পানিতে তলিয়ে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
নিখোঁজের নাতি লিয়ন মণ্ডল বলেন, খবর পেয়ে আমরা স্থানীয়ভাবে জাল দিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি। পরে চিলমারী ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ডুবুরি দল পাঠানোর ব্যবস্থা করছে।
চিলমারী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার তন্ময় কুমার বর্মণ জানান, রংপুর থেকে ডুবুরি দল ঘটনাস্থলে আসছে। তারা পৌঁছালেই নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান শুরু হবে।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ বৃদ্ধের সন্ধানে তল্লাশি চলছে।
.png)






