logo

গ্যাসলাইট কারখানাটি থেকে আরও এক মরদেহ উদ্ধার

গ্যাসলাইট কারখানাটি থেকে আরও এক মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে আগুন লাগা গ্যাসলাইট কারখানার ভেতর থেকে আরও একটি মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার (৫ এপ্রিল) সকাল ৮টায় এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, শনিবার রাত ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। এছাড়া দুজনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

কেরানীগঞ্জের কদমতলী চৌরাস্তায় আল বারাকা হাসপাতালের পাশে অবস্থিত কারখানাটিতে শনিবার দুপুর ১টা ১১ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দেড় ঘণ্টায় ৭ ইউনিটের চেষ্টার পর দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে কারখানাটি থেকে ৫ জনের মরদেহ উদ্ধারের তথ্য জানায় ফায়ার সার্ভিস।

স্থানীয় ব্যবসায়ী এনায়েত হোসেন চৌধুরী জানিয়েছিলেন, আগুন লাগার পরপরই আমরা আশপাশের অন্তত ৫০টি বাড়ি থেকে পানি সংগ্রহের চেষ্টা করি, কিন্তু কোথাও পর্যাপ্ত পানি পাওয়া যায়নি।

কেরানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ জানান, কারখানাটিতে আগেও দুবার আগুন লেগেছিল। পরে সেটি বন্ধ (সিলগালা) করে দেয় প্রশাসন। সিলগালা থাকার পরও কারখানাটি পুনরায় চালু করে কর্তৃপক্ষ।