logo

সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে কারাগারে

সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার, তিন জেলে কারাগারে
আটক তিন জেলে (লুঙ্গি পরিহিত)। ছবি: এশিয়া পোস্ট

ভোলার মনপুরা উপজেলায় সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে করে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করেছে বনবিভাগের নিরাপত্তাকর্মীরা।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টায় আদালতের মাধ্যমে তিন জেলেকে চরফ্যাসন হয়ে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চরপাতালিয়া সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকারের সময় তিন জেলেকে আটক করা হয়।

আটকরা হলেন মো. বেল্লাল, মো. জিহাদ ও মো. হাছান। তাদের বাড়ি উপজেলার বিচ্ছিন্ন ৫ নং চর কলাতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পচাকোড়ালিয়া বিটের চরপাতালিয়ার সংরক্ষিত বনাঞ্চলে বিষ দিয়ে মাছ শিকার করছিলেন তিন জেলে। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা সংরক্ষিত বনাঞ্চলে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করেন। শুক্রবার বিকেলে বন আইনে মামলা দায়ের পর আদালতে সোপর্দ করে বন বিভাগ। শনিবার সকালে সাড়ে ৯টায় তিন জেলেকে আদালতের মাধ্যমে চরফ্যাসন হয়ে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়।

বন বিভাগের উপজেলার পচাকোড়ালিয়া বিট কর্মকর্তা সজিব সরকার জানান, তিন জেলেকে সংরক্ষিত বনাঞ্চলের খালে বিষ দিয়ে মাছ শিকার করার সময় আটক করা হয়।

উপজেলা বন বিভাগের দায়িত্বে থাকা রেঞ্জ কর্মকর্তা রাসেদুল হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে আটক তিনজনকে ভোলা কারাগারে পাঠানো হয়েছে।

তিনি জানান, বিষ দিয়ে মাছ শিকার পরিবেশবিরোধী। জীববৈচিত্র্য ও জলজ সম্পদ রক্ষায় বন বিভাগের সদস্যরা কাজ করে যাচ্ছেন।