আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার (৩০ জুন) এই রায় ঘোষণার পরপরই সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু করেন তার সমর্থকেরা। বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগারহাট, কুমিরা, বাড়বকুন্ড ও বাঁশবাড়িয়াসহ একাধিক স্থানে সড়ক অবরোধ করা হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে অন্তত ২০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রায়ের প্রতিবাদে আসলাম চৌধুরীর সমর্থকেরা প্রথমে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা মহাসড়কের পাশের বেশ কয়েকটি গাছ কেটে সড়কের ওপর ফেলে দেন এবং টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এর ফলে ঢাকামুখী ও চট্টগ্রামমুখী উভয় লেনে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।

অবরোধের কারণে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও ব্যক্তিগত গাড়িসহ শত শত যানবাহন দীর্ঘ সময় আটকে থাকে। এতে কর্মজীবী মানুষ, পরীক্ষার্থী ও জরুরি সেবার আরোহীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রীকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা হতে দেখা গেছে। স্থানীয়দের তথ্যমতে, যানজট ছোট দারোগারহাট থেকে কুমিরা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
বার আউলিয়া হাইওয়ে থানার ডিউটি অফিসার জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সড়ক থেকে গাছ অপসারণের চেষ্টা চলছে।

আদালত সূত্রে জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি আনোয়ার সিদ্দিকীর করা এক আপিলের শুনানি শেষে আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে ইসিকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। তবে একই সঙ্গে চূড়ান্ত ফলাফল প্রকাশে স্থগিতাদেশ দেওয়া হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী ওই আসনে নির্বাচন অনুষ্ঠিত হলেও এতদিন ফলাফল ঘোষণা স্থগিত ছিল। গত ১৫ জুন আপিল বিভাগ মামলার রায় ঘোষণার জন্য ৩০ জুন দিন ধার্য করেন।






