logo

মাদকসেবন দেখে ফেলায় ভাতিজাকে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে নারী খুন

মাদকসেবন দেখে ফেলায় ভাতিজাকে ছুরিকাঘাত, বাঁচাতে গিয়ে নারী খুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মাদকসেবন করতে দেখে ফেলায় ক্ষিপ্ত হয়ে ভাতিজাকে ছুরিকাঘাত এবং তাকে রক্ষা করতে গিয়ে খুনের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। 

বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত বকুল বেগম (৫৫) ওই গ্রামের বাসিন্দা। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে হেলিম মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি মৃত আশিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দুপুরে হেলিম মিয়াকে নেশাগ্রস্ত অবস্থায় দেখতে পান তার ভাতিজা সাইদুল ইসলাম (২৫)। এতে ক্ষিপ্ত হয়ে হেলিম মিয়া ধারালো অস্ত্র দিয়ে সাইদুলকে আঘাত করেন। আহত অবস্থায় সাইদুল পাশের বাড়ির বকুল বেগমের ঘরে আশ্রয় নেন। পরে হেলিম মিয়া সেখানে গিয়ে তাকে আবারও আঘাত করতে থাকেন। এ সময় বকুল বেগম বাধা দিতে গেলে তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সাইদুলের চিৎকার শুনে তার ভাই আমিনুল ইসলাম এবং বকুল বেগমের জামাতা ওয়াদুদ মিয়া এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে তারা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত হেলিম মিয়াকে গ্রেপ্তার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, মাদকসেবন দেখতে পাওয়ায় ক্ষিপ্ত হয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।