logo

‘ওয়াসিম হত্যার আসামিকে’ এনসিপির পদ দেওয়ায় ছাত্রদলের বিক্ষোভ, প্রতিহতের ঘোষণা

‘ওয়াসিম হত্যার আসামিকে’ এনসিপির পদ দেওয়ায় ছাত্রদলের বিক্ষোভ, প্রতিহতের ঘোষণা
চট্টগ্রামে বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: এশিয়া পোস্ট

জুলাই বিপ্লবের শহীদ ওয়াসিম আকরাম হত্যা মামলায় গ্রেপ্তারকৃত এক আসামিকে দলীয় কমিটিতে পদ দেওয়ার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন রনিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই সঙ্গে এ ঘটনায় এনসিপির রাজনৈতিক সততা ও অবস্থান নিয়েও তীব্র প্রশ্ন তুলেছে সংগঠনটি।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দান থেকে শুরু হওয়া এক যৌথ বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে ছাত্রদল নেতারা এসব কথা বলেন।

শহীদ ওয়াসিম হত্যা মামলার আসামি জিয়াউদ্দিন রনিকে এনসিপির পদ দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রদল যৌথভাবে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।

সমাবেশে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলাম বলেন, এনসিপির এই ভূমিকা চরম বিতর্কিত ও অগ্রহণযোগ্য। জুলাই বিপ্লবের শুরুর দিকে চট্টগ্রামের অন্যতম শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। তার হত্যা মামলার আসামিকে এনসিপি গুরুত্বপূর্ণ পদ দিয়েছে। স্থানীয়ভাবে গুঞ্জন রয়েছে, এই জিয়াউদ্দিনের অর্থায়নেই নাকি চট্টগ্রামে এনসিপির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জিয়াউদ্দিনের অতীত রাজনৈতিক পরিচিতি তুলে ধরে তিনি আরও বলেন, জিয়াউদ্দিন আওয়ামী লীগ নেতা ও সাবেক কাউন্সিলর আব্দুস সবুর লিটনের ঘনিষ্ঠ সহযোগী ছিল। একদিকে জামায়াত ও এনসিপি এক হয়েছে, আর এখন তাদের সাথে আওয়ামী লীগও মিলেমিশে একাকার। এই অপশক্তিকে আর ছাড় দেওয়ার সুযোগ নেই।

উপস্থিত নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা নিজ নিজ ইউনিট ও এলাকায় সতর্ক থাকবেন। জিয়াউদ্দিনকে যেখানেই পাওয়া যাবে, প্রতিহত করে পুলিশের হাতে তুলে দেবেন। এমনকি জামায়াত বা এনসিপির কেউ যদি তার পক্ষে অবস্থান নেয়, তবে তাদেরও কঠোরভাবে প্রতিহত করা হবে।

যৌথ এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, চবি ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন মহসিন ও সদস্য সচিব আবদুল্লাহ আল নোমান, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী ও সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল এবং মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন বাবরসহ নেতারা।

সমাবেশ শেষে জমিয়াতুল ফালাহ ময়দান থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর ওয়াসা মোড় হয়ে কাজীর দেউড়ি মোড়ে গিয়ে শেষ হয়।

উল্লেখ্য, সম্প্রতি এনসিপি নেতা জিয়াউদ্দিন রনির রাজনৈতিক প্রেক্ষাপট ও ওয়াসিম হত্যা মামলায় তার নাম থাকা নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে এশিয়া পোস্ট।