logo
Advertisement

অটোরিকশা-ভটভটির সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ,শেরপুর
অটোরিকশা-ভটভটির সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
মানচিত্রে শেরপুর। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

শেরপুরের নকলায় সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ১৭ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় শিশুটির বাবা-মাসহ পাঁচজন আহত হয়েছেন।

Advertisement

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে উপজেলার নকলা ইউনিয়নের ধনাকুশা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মুজাহিদুল ইসলাম ধনাকুশা এলাকার মনিরুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন দম্পতির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি ভটভটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মায়ের কোলে থাকা শিশু মুজাহিদুল ছিটকে পাকা সড়কে পড়ে যায় এবং মাথায় গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় অটোরিকশায় থাকা যাত্রী নাহিদ হাসান ও জাহানারা বেগম গুরুতর আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া নিহত শিশুর মা নিলুফা ইয়াসমিন, বাবা মনিরুল ইসলাম এবং ফুরকান হামিদ নামে এক যাত্রী আহত হন। তাদের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, দুর্ঘটনার পরপরই দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।