ঝালকাঠিতে ২০ কোটিতে বাস টার্মিনাল, ১০ কোটিতে সাজবে সিটি পার্ক

ঝালকাঠি পৌরসভায় প্রায় ৩৭ কোটি ৬৩ লাখ টাকা ব্যয়ে একটি আধুনিক বাস টার্মিনাল, মাল্টিপারপাস মার্কেট ও সিটি পার্ক উন্নয়নের পরিকল্পনা নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ‘উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প’ (সিটিসিআরপি)-এর আওতায় প্রকল্পটির পরিকল্পনা চূড়ান্ত করার আগে সুশীল সমাজ ও নাগরিকদের মতামত গ্রহণে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে ঝালকাঠি পৌরসভার আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না। সংলাপে বিশেষ অতিথি ছিলেন সিটিসিআরপি প্রকল্পের প্রকল্প পরিচালক সরদার মো. সাজ্জাদ কবির।
সংলাপে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে কর্মকর্তারা জানান, ২০২৩ সালে শুরু হওয়া পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের কার্যক্রম ২০২৯ সালের জুন পর্যন্ত চলবে। প্রকল্পের আওতায় ঝালকাঠি পৌর এলাকায় প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক বাস টার্মিনাল, ৯ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে সিটি পার্কের আধুনিকায়ন এবং পুরোনো টাউন হল ভবন ভেঙে সেখানে ৬ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে একটি মাল্টিপারপাস মার্কেট নির্মাণের পরিকল্পনা করা হয়েছে।
তারা আরও জানান, প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি অনুমোদন পাওয়া গেলে আগামী জুনের মধ্যে দরপত্র (টেন্ডার) প্রক্রিয়া সম্পন্ন করা হবে। দরপত্র সম্পন্ন হওয়ার পরবর্তী দুই বছরের মধ্যে প্রকল্পের সব কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংলাপে প্রস্তাবিত অবকাঠামোর নকশা, সুবিধা ও নাগরিক চাহিদা বিষয়ে বিস্তারিত উপস্থাপন করা হয় এবং অংশগ্রহণকারীরা তাদের মতামত তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সর্বাগ্রে নাগরিকদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। প্রয়োজনীয় জরিপ ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে চূড়ান্ত নকশা অনুমোদন করা হবে। জনগণের বাস্তবিক চাহিদাকে অগ্রাধিকার দিয়েই সব অবকাঠামো নির্মিত হবে।
সংলাপে ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি মো. আককাস সিকদার, বাস মালিক সমিতির সভাপতি আনিসুর রহমান তাপু, পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী এ.টি.এম. রেজাউল হক রিজভী, সিটিসিআরপি-এর উপ-প্রকল্প পরিচালক জুবাইদা আক্তার, মো. শাহজাদহান ও উজ্জ্বল ত্রিপুরাসহ পরিবহন মালিক, ব্যবসায়ী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
.png)






