নিজ ফ্ল্যাটেই পড়ে ছিল যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা লাশ

ঢাকার কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটের ভেতর থেকে ডালিয়া আক্তার সুমা (৫০) নামের এক যুব মহিলা লীগ নেত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। তিনি বাস্তা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ছিলেন। পাশাপাশি চর বাঘাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করতেন।
শুক্রবার (২৩ অক্টোবর) দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের রসুলপুর বাজারে সোনালী ব্যাংক ভবনের তৃতীয় তলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। নিহত সুমা রসুলপুর এলাকার লিয়াকত শিকদারের মেয়ে।
পুলিশ জানায়, স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর থেকে দুই মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন তিনি। বর্তমানে মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় সেখানে একাই বসবাস করতেন সুমা। স্থানীয়রা ফ্ল্যাটে মরদেহ পড়ে থাকার বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন জানান, ফাঁকা বাসায় কে বা কারা তাকে হত্যা করেছে, তা নিয়ে তদন্ত চলছে। সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে আসছেন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।