logo

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মিডিসিন ওয়ার্ড। ছবি: এশিয়া পোস্ট

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এই নিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে সিলেটে মোট মৃত্যুর সংখ্যা ৫১।

শনিবার (২৩ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে, শুক্রবার (২২ মে) স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, আগের ২৪ ঘণ্টায় পাঁচ শিশুর মৃত্যু ঘটে।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নিহত শিশুদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে দুইজন। তাদের একজন মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার ফারুক মিয়ার ৫ মাস বয়সি ছেলে নাফি ইসলাম ও অন্যজন সুনামগঞ্জের দিরাই উপজেলার নিপেশ রায়ের ৬ মাস বয়সি ছেলে নিলয় রায়।

একই দিন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়। তাদের একজন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার করমধা এলাকার মো. সাবুল মিয়ার ১০ মাস বয়সি ছেলে আবিদ ও অন্যজন সিলেট সিটি করপোরেশনের শাহপরান এলাকার রফিকুল ইসলামের ১৫ মাস বয়সি ছেলে আরাবি আহমদ।

এ নিয়ে চলতি বছর সিলেট বিভাগে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে ৪ জন এবং উপসর্গ নিয়ে আরও ৪৭ জন শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে ১৫৮ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৯৫ জন রোগী। তাদের মধ্যে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮৯ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ৫৮ জন চিকিৎসাধীন। অন্যরা সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।