Advertisement

শূন্যরেখায় খোলা আকাশের নিচে ৪ দিন

এশিয়া পোস্ট নিউজ, কুড়িগ্রাম
শূন্যরেখায় খোলা আকাশের নিচে ৪ দিন
শূন্যরেখায় অস্থায়ী ছাউনি বানিয়ে থাকছেন বিএসএফের ঠেলে দেওয়া নয়জন। ছবি: এশিয়া পোস্ট

কুড়িগ্রামের দুই সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো (পুশইন) নারী ও শিশুসহ নয়জন চার দিন ধরে অবস্থান করছেন খোলা আকাশের নিচে। নাগরিকত্ব নিয়ে সৃষ্ট জটিলতায় তাদের ঠাঁই মিলছে না কোনো দেশের ভূখণ্ডে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকেও হয়নি কোনো সমাধান।

Advertisement

বুধবার (১৭ জুন) দুপুর ২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই নয়জন সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন।

সরেজমিনে দেখা গেছে, নয়জনের মধ্যে রয়েছে অন্তত ছয় মাস ও আড়াই বছর বয়সি দুই শিশু। অন্যদের মধ্যে আছেন ছয় পুরুষ ও এক নারী। তারা একটি অস্থায়ী ছাউনি বানিয়ে সেখানে থাকার ব্যবস্থা করেছেন।

সীমান্ত সূত্র জানায়, গত রোববার সকালে রৌমারীর গয়টাপাড়া ও ভন্দুরচর সীমান্ত দিয়ে তাদের পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলেন। বাধার মুখে ব্যর্থ হয় বিএসএফের পুশইন চেষ্টা। এরপর থেকে শূন্যরেখায় অবস্থান করছেন ওই নয়জন।

স্থানীয় গয়টাপাড়া গ্রামের বাসিন্দা লিটন মিয়া বলেন, শিশু দুটির ওপর অমানবিক আচরণ করা হয়েছে। শিশুরা তো কোনো অপরাধ করেনি। কেন তাদেরকে রোদ-বৃষ্টির মধ্যে কষ্ট পেতে হবে? আমরা দ্রুত সমাধান চাই। প্রয়োজনে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ করা উচিত।

এ বিষয়ে জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, বিএসএফ কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় সমাধান হচ্ছে না। মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। শান্তিপূর্ণ সমাধানের জন্য বিএসএফকে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে।