logo

নারায়ণগঞ্জে ঝুট ব্যবসা নিয়ে গোলাগুলির ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জে ঝুট ব্যবসা নিয়ে গোলাগুলির ঘটনায় যুবদল নেতা বহিষ্কার

নারায়ণগঞ্জে গার্মেন্টসের ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাতে কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেন।

নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েত নগরে গার্মেন্টসের ওয়েস্টেজ মালামাল নামানোকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক শিশু গুলিবিদ্ধসহ অন্তত তিনজন আহত হন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ফতুল্লা মডেল থানার এনায়েত নগর শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। 

চাঁদনী হাউজিং এলাকার বাসিন্দারা জানান, সংঘর্ষের সময় অস্ত্রের মহড়া ও গোলাগুলিতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। জীবন রক্ষায় সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করেন এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। 

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি বলেন, এখানে আগে থেকেই একজন ব্যবসা করছিলেন। রাজনৈতিক প্রভাব দেখিয়ে ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। এতে সংঘর্ষ বাঁধে এবং গোলাগুলির ঘটনা ঘটে, যেখানে এক শিশুসহ দুজন গুলিবিদ্ধ হয়। এসব কারণে যুবদলের কেন্দ্রীয় কমিটি তাকে বহিষ্কার করেছে।

তবে এ বিষয়ে বহিষ্কৃত ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদের বক্তব্য পাওয়া যায়নি।