রাজবাড়ীতে নির্মিত হবে বৃহৎ রেলওয়ে ওয়ার্কশপ: প্রতিমন্ত্রী খৈয়ম

রাজবাড়ীতে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে একটি বৃহৎ রেলওয়ে ওয়ার্কশপ নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজবাড়ীসহ পুরো অঞ্চলের চিত্র বদলে যাবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টায় রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নৈরাজ্য ও সন্ত্রাসবিরোধী গণমিছিল-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ীতে প্রায় সাড়ে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে একটি বৃহৎ রেলওয়ে ওয়ার্কশপ তৈরি হতে যাচ্ছে। এটি হলে এই এলাকার চিত্র বদলে যাবে। তবে শুধু ওয়ার্কশপ নির্মাণ করলেই হবে না, পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, ব্যবসা-বাণিজ্য বাড়াতে হবে এবং শিল্প-কলকারখানা প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, রাজবাড়ী শহরের পাশাপাশি গোয়ালন্দ, পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীকেও পরিকল্পিতভাবে গড়ে তুলতে হবে। নাগরিক সুযোগ-সুবিধা বাড়িয়ে শহর ও গ্রামগুলোকে সুন্দর করতে হবে। প্রতিটি ইউনিয়নের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে এবং নিজ নিজ এলাকায় শিক্ষা ও ব্যবসা-বাণিজ্যের সুযোগ পায়, সে উদ্যোগ নিতে হবে।
এর আগে জেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গণমিছিলে অংশ নেন। মিছিল শেষে রাজবাড়ী রেলওয়ে স্টেশন চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতারা বক্তব্য দেন।

