লঞ্চ-পণ্যবাহী জাহাজের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন ১৫০ যাত্রী

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কালাবদর নদীতে যাত্রীবাহী লঞ্চ ও পণ্যবাহী জাহাজের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লঞ্চটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন প্রায় ১৫০ যাত্রী।
শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কালাবদর নদীর ‘খাম্বা’ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও যাত্রী সূত্রে জানা যায়, সকালে ভোলা থেকে মেহেন্দীগঞ্জের শ্রীপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা হয় ‘এমভি সোহাগী-১’ নামের যাত্রীবাহী লঞ্চটি। পথিমধ্যে কালাবদর নদীর ‘খাম্বা’ নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী কোস্টার জাহাজের সঙ্গে লঞ্চটির সজোরে ধাক্কা লাগে।
হঠাৎ এই সংঘর্ষে লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ভয়ে চিৎকার শুরু করেন। এ সময় আতঙ্কে এক যাত্রী নদীতে ঝাঁপ দেন। পরবর্তীতে লঞ্চের চালক বুদ্ধিমত্তা দেখিয়ে নৌযানটি ঘুরিয়ে ওই যাত্রীকে জীবিত উদ্ধার করেন।
লঞ্চের যাত্রী মো. আমিনুল ইসলাম মল্লিক জানান, সংঘর্ষের পরপরই কোস্টার জাহাজটির নাবিক দ্রুত কৌশল অবলম্বন করে জাহাজটি অন্যদিকে সরিয়ে নেওয়ায় বড় ধরনের সলিল সমাধি থেকে রক্ষা পাওয়া গেছে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রীদের মনে স্বস্তি ফিরে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, খবর পেয়ে নৌ পুলিশ বিষয়টি তদারকি করছে। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার মূল কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



