logo

থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের আগে টেকনাফে উদ্ধার ৮ রোহিঙ্গা

থাইল্যান্ড-মালয়েশিয়ায় পাচারের আগে টেকনাফে উদ্ধার ৮ রোহিঙ্গা
উদ্ধার করা শিশু-নারীসহ ৮ জন রোহিঙ্গা। ছবি : আইএসপিআর

সাগরপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা নারী, পুরুষ ও শিশুসহ আটজনকে উদ্ধার করেছে যৌথবাহিনী। উদ্ধার ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী, দুজন পুরুষ ও আট মাস বয়সি একটি শিশু রয়েছে। তবে এ ঘটনায় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২২ নভেম্বর) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

Advertisement

এর আগে, শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তিরা সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তারা উখিয়ার ১৮ ও ২০ নম্বর আশ্রয়শিবিরের বাসিন্দা।

আইএসপিআর জানায়, সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় মানবপাচারের উদ্দেশ্যে ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখার তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে টেকনাফের লেঙ্গুরবিল এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাচারকারীরা কয়েকজন ভুক্তভোগীকে নিয়ে পালানোর চেষ্টা করে। পরে ঘটনাস্থল থেকে পাঁচ নারী, দুজন পুরুষ ও আট মাস বয়সি একটি শিশুকে উদ্ধার করা হয়।

উদ্ধার ব্যক্তিদের টেকনাফ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সেনাবাহিনী রোববার রাতে মালয়েশিয়াগামী আটজন ভুক্তভোগীকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে, গত শুক্রবার (২০ নভেম্বর) রাত ১০টার দিকে কক্সবাজার শহরের লাবণী পয়েন্ট থেকে মানবপাচারের শিকার ২৮ জনকে উদ্ধার করে পুলিশ। তারা একটি ট্রলারে করে সাগরে প্রায় এক সপ্তাহ ধরে ভাসমান অবস্থায় ছিলেন।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট