logo
Advertisement

সিগারেট এনে না দেওয়ায় বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখম

এশিয়া পোস্ট নিউজ, ঝালকাঠি
সিগারেট এনে না দেওয়ায় বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখম
ছবি : সংগৃহীত

ঝালকাঠির কাঁঠালিয়ায় সিগারেট এনে না দেওয়াকে কেন্দ্র করে বাবা ও তার দুই ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজা ফকির (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে এ ঘটনা ঘটে। আহতরা হলেন কচুয়া বাজারের চা-দোকানি সমির চন্দ্র চক্রবর্তী (৫৫) এবং তার দুই ছেলে শুভ চক্রবর্তী (২২) ও লিখন চক্রবর্তী (১৮)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সমির চন্দ্র চক্রবর্তী দীর্ঘদিন ধরে কচুয়া বাজারে চায়ের ব্যবসা করে আসছেন। শুক্রবার দুপুরে একই এলাকার ফারুক ফকিরের ছেলে রাজা ফকির তার দোকানে চা খেতে আসেন। চা পান শেষে রাজা তাকে সিগারেট দিতে বলেন। দোকানে সিগারেট না থাকায় সমির অন্য দোকান থেকে তা এনে দিতে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাজা ফকির চা-দোকানি সমির চন্দ্র চক্রবর্তীকে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।

পরে সমির দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে বিষয়টি তার দুই ছেলেকে জানান। খবর পেয়ে শুভ ও লিখন তাদের বাবাকে মারধরের কারণ জানতে রাজা ফকিরের কাছে যান। এ সময় পুনরায় বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে রাজা ফকির ধারালো চাকু দিয়ে সমির ও তার দুই ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সমির চন্দ্র চক্রবর্তীর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বরিশাল শেবাচিমে স্থানান্তরের পরামর্শ দেন। ঘটনার পরপরই রাজা ফকিরকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, বাবা ও দুই ছেলেকে কুপিয়ে জখমের ঘটনায় রাজা ফকির নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় :