জামায়াত কর্মীদের দোকান ভাঙচুর, কৃষক দল নেতাকে অব্যাহতি

ফেনীর ফুলগাজীতে জামায়াতে ইসলামীর কর্মীদের দোকান ভাঙচুরের অভিযোগের সত্যতা পাওয়ায় পর কৃষক দলের এক নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের ফুলগাজী উপজেলা শাখার সভাপতি মো. আবু আহমেদ আবু ও সাধারণ সম্পাদক আলাউদ্দিন রিয়াজ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া কৃষক দলের ওই নেতা হলেন মো. সুমন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় মুন্সিরহাট ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সুমনকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ ও কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সম্প্রতি মুন্সিরহাট বাজার এলাকায় জামায়াত সমর্থিত কয়েকজন ব্যবসায়ীর দোকান ভাঙচুরের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। ঘটনার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হলে দলীয় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।
এ বিষয়ে ফেনীর ফুলগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব আবুল হোসেন এশিয়া পোস্টকে জানান, জামায়াত কর্মীর দোকান ভাঙচুরের ঘটনার প্রাথমিক সত্যতার প্রমাণ মেলায়কে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলের সাইনবোর্ড ব্যবহার করে যারাই অপকর্ম করে করবে, তাদের বিরুদ্ধে দলের শৃঙ্খলা মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।