বক্তব্যে জিয়াউর রহমানের নাম নেননি ইউএনও, অনুষ্ঠান বর্জন বিএনপির

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি অনুষ্ঠান বর্জন করেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলা এবং পৌর বিএনপির নেতাকর্মীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাগত বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় ক্ষোভ প্রকাশ করে তারা অনুষ্ঠান বর্জন করেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে মহেশপুর হাই স্কুল মাঠ চত্বরে আয়োজিত স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা চলাকালে বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর অংশ হিসেবে আলোচনা সভা ও আনুষ্ঠানিক বক্তব্য পর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার স্বাগত বক্তব্য দেন। এ সময় তিনি স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণ করলেও বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের নাম উল্লেখ করেননি—এ অভিযোগ তুলে বিএনপির নেতারা তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানান এবং অনুষ্ঠান বর্জন করেন।
অনুষ্ঠান বর্জনের সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনি, সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি আমিরুল ইসলাম খান চুন্নু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তরফদার তৌফিক মাহমুদ বিপুসহ অন্য নেতাকর্মীরা।
বিএনপি নেতারা বলেন, স্বাধীনতা দিবসের মতো গুরুত্বপূর্ণ জাতীয় অনুষ্ঠানে বীর উত্তম জিয়াউর রহমানের নাম উল্লেখ না করা দুঃখজনক ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা এ ঘটনার প্রতিবাদে অনুষ্ঠান বর্জন করেছেন।
তবে এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। অনুষ্ঠানটি প্রশাসনের আয়োজনে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সম্পন্ন হয়।