logo

ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ নিখোঁজ ৩

ঝড়ে নৌকাডুবি, বাবা-ছেলেসহ নিখোঁজ ৩
ছবি: এশিয়া পোস্ট

বরিশালের হিজলায় মেঘনার শাখা নদীতে আকস্মিক ঝড়ের কবলে পড়ে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে গেছে। এ ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিখোঁজ রয়েছেন।

সোমবার (২৫ মে) বিকেল আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজরা হলেন উপজেলার ধানখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুর ইসলাম (৪৫), তার ছেলে মো. ইব্রাহিম (১২) এবং মো. হারুন বিশ্বাস (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে হিজলা নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল জানান, জেলে কার্ডের চাল নিয়ে আলিগঞ্জ খেয়াঘাট থেকে ধুলখোলা খেয়াঘাটের উদ্দেশ্যে একটি ইঞ্জিনচালিত নৌকা রওনা দেয়। মাঝ নদীতে যাওয়ার পর আকস্মিক ঝড় শুরু হলে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকায় থাকা ৮ জনের মধ্যে পাঁচজন যাত্রী পাশ দিয়ে যাওয়া অপর একটি ট্রলারে উঠে প্রাণে রক্ষা পান। তবে তিনজন নিখোঁজ হন।

নিখোঁজদের সন্ধানে স্থানীয়রা নদীতে জাল ফেলে চেষ্টা করছেন। এ ছাড়াও উদ্ধার অভিযানে নৌ পুলিশের সঙ্গে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড সদস্যরাও অংশ নিয়েছেন।

নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।