ফিফার অফিসিয়াল অ্যাম্বাসেডর হলেন সুনামগঞ্জের ফাইজা

ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের কৃতী সন্তান মাশরাফি চৌধুরী ফাইজা।
ফাইজার এই অর্জন শুধু পরিবার নয়, দিরাই উপজেলা তথা সুনামগঞ্জ ও বাংলাদেশের জন্য গর্বের বিষয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
ফাইজা বর্তমানে কানাডার ইয়র্ক ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী এবং বিশ্বকাপ উপলক্ষে কানাডার টরন্টো শহরে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রমে তিনি দায়িত্ব পালন করছেন। এসব আয়োজনে তিনি বিশ্বকাপ সংশ্লিষ্ট আন্তর্জাতিক অতিথি, ক্রীড়া কর্মকর্তা ও খেলোয়াড়দের সঙ্গে সরাসরি কাজ করার সুযোগ পাচ্ছেন, যা তার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ফাইজা কানাডায় বসবাসরত সুনামগঞ্জ সমিতির সহসভাপতি এবং টরন্টো দিরাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা মুস্তাক আহমেদ চৌধুরী ও সাবরিনা আক্তার জাহান চৌধুরীর মেয়ে। ছোটবেলা থেকেই ফাইজা মেধাবী ও বহুমুখী প্রতিভার অধিকারী। শিক্ষার পাশাপাশি সামাজিক ও আন্তর্জাতিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে গড়ে তুলেছেন একজন আত্মবিশ্বাসী তরুণ নেতৃত্ব হিসেবে।
তার এই সাফল্যের বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা কানাডাপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব মুস্তাক আহমেদ চৌধুরী।
তিনি বলেন, ‘এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। একই সঙ্গে দিরাইসহ পুরো বাংলাদেশের জন্যও এটি আনন্দের সংবাদ।’
কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে ফিফা বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। আজ ১১ জুন রাতে উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে এই আসরের।
