মুন্সীগঞ্জে অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জের গজারিয়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা এবং পণ্যের মূল্যতালিকা না টানানোর দায়ে দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানকালে উপজেলার বালুয়াকান্দি এলাকার মিয়ামি রেস্টুরেন্টে গিয়ে দেখা যায়, একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা খাবার রাখা হয়েছে। এছাড়া ডাস্টবিন খোলা রাখা এবং বাবুর্চি ও কর্মীদের হাত ধোয়ার সাবান না থাকার বিষয়টিও কর্মকর্তাদের নজরে আসে।
এসব অনিয়মের অভিযোগে রেস্টুরেন্টটির ম্যানেজার আল-আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশ দেওয়া দেওয়া হয়।
অন্যদিকে, ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার মুয়াজ স্টোরে অভিযান চালিয়ে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে ব্যবস্থাপক মোহাম্মদ বেলালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে দোকানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা টাঙানোর নির্দেশ দেওয়া হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর ই আলম সোহাগ, গজারিয়া উপজেলা ক্যাবের সভাপতি মো. নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি দল সহায়তা করে।


