রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কে বাস চলাচল শুরু

পরিবহন মালিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে রাঙ্গামাটির সঙ্গে চট্টগ্রামসহ সারা দেশের বন্ধ থাকা বাস চলাচল দীর্ঘ ১২ ঘণ্টা পর পুনরায় শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে প্রশাসনের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয় চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতি।
এর আগে, বৃহস্পতিবার সকাল থেকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সৌদিয়া পরিবহন ও রাঙ্গামাটি মোটর মালিক সমিতির মধ্যে বিরোধের জেরে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে পর্যটন শহর রাঙ্গামাটিতে আসা পর্যটক, সাধারণ যাত্রী ও শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দিনভর সাধারণ যাত্রীদের ভোগান্তি শেষে বিকেলে প্রশাসনের সঙ্গে বৈঠক করেও মিলেনি সিদ্ধান্ত। পরিবহন ধর্মঘট বহাল রাখার সিদ্ধান্তে অনড় থেকেই বৈঠক থেকে বেরিয়ে আসেন পরিবহন মালিক নেতারা। যদিও হলরুমের বাহিরে এসে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সৈয়দ হোসেন।
চট্টগ্রাম-রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সভাপতি মোহাম্মদ সৈয়দ হোসেন গণমাধ্যমকে বলেন, যেহেতু নির্বাচনের সময় ঘনিয়েছে, তাই প্রশাসনের অনুরোধের কারণে আমরা সাময়িক ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি। আমাদের গাড়িগুলো চলাচল করবে।