logo

ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের অধিকার: প্রধানমন্ত্রী

ন্যায়বিচার দয়া নয়, নাগরিকের অধিকার: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদী শাসনের পুনরুত্থান ঠেকিয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ন্যায়বিচার কোনো দয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার।

সোমবার (২০ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত ভবনের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নবনির্মিত অ্যাডভোকেটস বার সমিতি ভবনের নামফলক উন্মোচন এবং দেশের সাত জেলায় ‘ই-বেইল বন্ড’ কার্যক্রম উদ্বোধনের জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আইনমন্ত্রী আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং স্থানীয় সংসদ সদস্য ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরে বলেন, ফ্যাসিবাদী শাসন যেন আর ফিরে আসতে না পারে, সেটি নিশ্চিত করা সময়ের দাবি। এজন্য আইন, শাসন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় প্রয়োজন। এই সমন্বয় না হলে সাধারণ মানুষ প্রকৃত ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে।

অতীতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জিয়াউর রহমান সংবিধানের চতুর্থ সংশোধনীর পর বিচার বিভাগের স্বাধীনতা পুনরুদ্ধারে ভূমিকা রেখেছিলেন। পরবর্তী সময়ে বিচার বিভাগকে দলীয় প্রভাবের মধ্যে আনার চেষ্টা হয়েছে। ২০২৪ সালের আগস্টে দেশের মানুষ সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছে।

প্রধানমন্ত্রী বলেন, মানুষের মধ্যে যদি আদালতের প্রতি আস্থা তৈরি হয়, তাহলে বিচারবহির্ভূত কর্মকাণ্ড বা মব ভায়োলেন্স কমে আসবে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ‘ই-বেইল বন্ড’ বা ইলেকট্রনিক জামিননামা চালু করা। প্রধানমন্ত্রী বলেন, আগে একটি জামিননামা কার্যকর করতে আদালত থেকে কারাগার পর্যন্ত প্রায় ১৩টি ধাপ অতিক্রম করতে হত। ফলে হয়রানি ও জালিয়াতির সুযোগ থাকত। এখন থেকে বগুড়া, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ায় অনলাইনে জামিন আদেশ সরাসরি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে।

তিনি জানান, ভবিষ্যতে এই ব্যবস্থাকে পুলিশের সিডিএমএস, আদালতের কেস ম্যানেজমেন্ট সিস্টেম এবং জাতীয় পরিচয়পত্র যাচাইকরণের সঙ্গে যুক্ত করা হবে। এতে ভুয়া মামলা, ওয়ারেন্ট জালিয়াতি ও হয়রানির প্রবণতা কমবে বলে আশা প্রকাশ করেন।

শেষে প্রধানমন্ত্রী আইনজীবীদের এই ডিজিটাল ব্যবস্থা গ্রহণ করে দ্রুত সেবা নিশ্চিত করার আহ্বান জানান এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ন্যায়বিচার দয়া নয়, এটি নাগরিকের অধিকার।