Advertisement

ভৈরবে কুকুরের খাওয়া বিস্কুট খেয়ে জলাতঙ্কে শিশুর মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ, কিশোরগঞ্জ
ভৈরবে কুকুরের খাওয়া বিস্কুট খেয়ে জলাতঙ্কে শিশুর মৃত্যু
নিহত রবিউল মিয়া। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবেশীর পোষা কুকুরের খাওয়া বিস্কুট খেয়ে জলাতঙ্কে আক্রান্ত হয়ে রবিউল মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকায় নেওয়ার পথে নরসিংদী এলাকায় শিশুটির মৃত্যু হয়। একই ঘটনায় শিশুটির মা রুনা বেগমও জলাতঙ্কে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

নিহত রবিউল ভৈরব উপজেলার কালিপুর দক্ষিণ পাড়া এলাকার মিজান মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুন বাড়ির সামনে খেলাধুলার সময় প্রতিবেশী মুসা মিয়ার পরিবারের পোষা কুকুরকে দেওয়া একটি বিস্কুটের অবশিষ্টাংশ কুড়িয়ে খায় রবিউল। একই খাবার স্পর্শ করায় তার মা-ও আক্রান্ত হন। এরপর থেকেই শিশুটি ও তার মা অসুস্থ হয়ে পড়েন।

স্বজনেরা জানান, প্রথমে শিশুটিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে জলাতঙ্কের টিকা না থাকায় তাকে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভ্যাকসিন দেওয়া হয়। পরে বুধবার তার শারীরিক অবস্থার অবনতি হলে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকেরা তাকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

শিশুটির বাবা মিজান মিয়া অভিযোগ করে বলেন, প্রতিবেশীরা নিয়মিত বাড়ির সামনের খোলা জায়গায় তাদের পোষা কুকুরকে খাবার দিতেন। এ বিষয়ে একাধিকবার নিষেধ করা হলেও তারা তা আমলে নেননি। তাদের চরম অবহেলার কারণেই আমার সন্তানের মৃত্যু হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত মুসা মিয়ার পরিবারের কারও বক্তব্য পাওয়া যায়নি।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিমন বোস বলেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। লিখিত অভিযোগ সাপেক্ষে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।