বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।
শনিবার (২ মে) সকাল ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের পূর্বধলা ফায়ার সার্ভিস অফিসসংলগ্ন ইলাশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়নাল হক (৫৭) পূর্বধলা উপজেলার দক্ষিণ কালডোয়ার গ্রামের মৃত কাসেম আলীর ছেলে। অন্যজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।
আহতরা হলেন দক্ষিণ কালডোয়ার গ্রামের মোল্লা মিয়া (৪৫), পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সারা তাবাসসুম উর্মি এবং ময়মনসিংহের ফুলপুর উপজেলার মনির হোসেন (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ‘আল্লাহর দান’ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আয়নাল হক নিহত হন। দুর্ঘটনায় আহত অপর ৪ জনকে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় (প্রায় ৫০ বছর বয়সি) আরও একজনের মৃত্যু হয়।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার পর বাস ও অটোরিকশা জব্দ করা হলেও উভয় চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।