এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অব্যাহতি পাওয়া নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে সাইবার সুরক্ষা আইনে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি সিলেটে এনসিপির পথসভায় হামলা কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর। এ নিয়ে ব্যাপক সমালোচনা হলে পরে তিনি ওই পোস্টটি মুছে ফেলেন এবং দুঃখ প্রকাশ করেন। কিন্তু ততক্ষণে ওই পোস্টের স্ক্রিন শর্ট ভাইরাল হয়ে যায়। পরে তাকে দল থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়।
ওই ঘটনায় বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল বাদী হয়ে গত ২ আগস্ট রবিবার গাজী সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে এনসপি নেতা গাজী সালাউদ্দিন তানভিরের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে করা একটি পোস্ট গত ২৯ জুলাই বাদী দেখতে পান।
এজাহারে দাবি করা হয়েছে ওই পোস্টে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মানহানিকর ও উসকানিমূলক মন্তব্য করা হয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিভিন্ন মহলে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সমালোচনার মুখে অভিযুক্ত ব্যক্তি পরে পোস্টটি মুছে ফেলেন বলেও এজাহারে উল্লেখ করা হয়। এজাহারে বাদী বিএনপি নেতা মাফতুন আহমেদ খান রুবেল জানান, ওই পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রীর মানহানি করা হয়েছে এবং জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে। বিষয়টি বিএনপির একাধিক নেতা-কর্ দেখার পর দলীয় জেষ্ঠ্য নেতাদের সঙ্গে আলোচনা করে থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানান, মঙ্গলবার রাতে গাজী সালাউদ্দিন তানভীরকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বগুড়ায় আনা হচ্ছে। সংবাদ সম্মেলন করে বিষয়ে বিস্তারিত জানানো হবে।
.png)

