logo

ঈদের পোশাক কিনতে গিয়ে দেয়াল ধসে শিক্ষার্থী নিহত

ঈদের পোশাক কিনতে গিয়ে দেয়াল ধসে শিক্ষার্থী নিহত

লক্ষ্মীপুরের রামগঞ্জে ঈদের পোশাক কিনতে এসে দোকানের একটি দেয়াল ধসে ফাহাদ হোসেন নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

রোববার (৮ মার্চ) দুপুরে উপজেলার চৌরাস্তা সংলগ্ন আল মনসুর ড্রাগ হাউসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহাদ হোসেন (১৭) পৌরসভার বাঁশঘর গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন বকুলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের জন্য ফাহাদ তার মায়ের সঙ্গে বাজারে নতুন পোশাক কিনতে যায়। এ সময় তারা চৌরাস্তাসংলগ্ন কাজী হোটেলের পাশে অবস্থিত আল মনসুর ড্রাগ হাউসের সামনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দোকানটির নির্মাণাধীন একটি অরক্ষিত দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই ফাহাদ নিহত হন এবং আরও পাঁচজন আহত হন।

খবর পেয়ে রামগঞ্জ থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠান।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, দেয়াল ধসে এক ছাত্র নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।