কক্সবাজারে জিম্মি চার জেলে উদ্ধার, ৯ ডাকাত আটক

কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ ডাকাত জাহাঙ্গীর বাহিনী প্রধানসহ ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় জিম্মি থাকা চার জেলে উদ্ধার হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় কক্সবাজারের মহেশখালী থানাধীন সোনাদিয়া চর সংলগ্ন এলাকায় ‘এফ বি মায়ের দোয়া-৩’ নামক একটি ফিশিংবোট ডাকাতির কবলে পড়ে। পরে জরুরি সেবা নম্বর ১৬১১১-এর মাধ্যমে বিষয়টি জানতে পারে কোস্টগার্ড।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্টগার্ড স্টেশন কক্সবাজার ও মহেশখালী ওই এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক ফিশিংবোটকে ধাওয়া করে আটক করা হয়।
পরে বোটটিতে তল্লাশি করে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র, চারটি কার্তুজ ও ছয়টি দেশীয় অস্ত্রসহ জাহাঙ্গীর বাহিনী প্রধান জাহাঙ্গীর ও তার আট সহযোগীকে আটক করা হয়। এ সময় তাদের কাছে জিম্মি থাকা চার জেলেসহ ফিশিংবোট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, এই দলটি দীর্ঘদিন ধরে সাগরে ডাকাতি করে আসছিল।
উদ্ধার জেলে ও বোট এবং জব্দ করা অস্ত্র ও আটক ডাকাতদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম বলেন, কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।