মুন্সীগঞ্জে পাঁচটি গাঁজা গাছসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে পাঁচটি গাঁজা গাছসহ রাম প্রসাদ বাড়ৈ (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরে সিরাজদিখান থানা পুলিশের শেখরনগর তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানে শেখরনগর তদন্ত কেন্দ্রের এসআই আক্কাস আলী ফোর্সের সহায়তায় উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে নয়ানগর গ্রামের রাম প্রসাদ বাড়ৈ (৪২) নামের এক ব্যক্তির নিজ বসতবাড়িতে রোপণ করা ছোট-বড় পাঁচটি গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। তিনি মৃত সন্তোষ বাড়ৈর ছেলে।
শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) সঞ্জিত কুমার দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গাঁজা গাছসহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




