ধান শুকানোর সময় বজ্রাঘাতে স্কুলছাত্রীর মৃত্যু

সুনামগঞ্জে বাড়ির পাশে খলায় ধান শুকানোর সময় বজ্রাঘাতে মোছাম্মৎ আখি আক্তার নামে দশম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
আজ রোববার (১০ মে) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নলুয়ারপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আখি (১৬) নলুয়ারপাড় গ্রামের জাহির উদ্দিনের মেয়ে। সে ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ দুপুর থেকে আখি বাড়ির পাশের খলায় শুকনো ধান গুছিয়ে রাখার কাজ করছিল। পরে বিকেলে আকস্মিক ঝড়বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে সে গুরুতর আহত হয়। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক আখিকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ বলেন, বাড়ির পাশের খলায় ধান শুকিয়ে গুছানোর সময় আকস্মিক ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে আখি মারা যায়।